সরকারি হাসপাতালে চুরির ভয়

সালাহ উদ্দিন চৌধুরী

জাতীয়

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছিলেন হাফেজ নাসির উদ্দিন। বাবাকে দেখাতে দুই বছরের শিশু ফোজাইলকে নিয়ে

2026-07-12T04:57:48+00:00
2026-07-12T04:57:48+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি হাসপাতালে চুরির ভয়
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:৫৭ এএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছিলেন হাফেজ নাসির উদ্দিন। বাবাকে দেখাতে দুই বছরের শিশু ফোজাইলকে নিয়ে হাসপাতালে আসেন মা নুসরাত জাহান তাকিয়া। এক পর্যায়ে হাসপাতাল থেকে চুরি হয়ে যায় শিশুটি। পরে ফোনে দাবি করা হয় ৩ লাখ টাকা মুক্তিপণ। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে র‌্যাব রাজধানীর গোলাপবাগ থেকে আটক করে একজনকে। উদ্ধার করা হয় শিশুটিকে। ঘটনাটি চলতি বছরের মার্চ মাসের।

তবে এটি এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের সরকারি হাসপাতালগুলোতে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনরা। অহরহ চুরি হয় নগদ অর্থ, মোবাইল ফোন, অলঙ্কার। খোয়া যায় রোগীর চিকিৎসাসামগ্রী এবং ওষুধ। শুধু রোগী কিংবা তাদের স্বজনই নয় হাসপাতালের মূল্যবান সরঞ্জামও বাদ যাচ্ছে না চোরের হাত থেকে। হাসপাতালের টিকেট ও ওষুধ কাউন্টারের সামনে এসব ঘটনা বেশি ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, গত ২ থেকে ৮ জুলাই পর্যন্ত ৭ দিনে আনসার সদস্যরা অভিযান পরিচালনা করে ৬ জন দালাল, ২ জন ছিনতাইকারী, ১১ জন চোর, ৩ জন পকেটমার এবং মাদক-সংশ্লিষ্ট ৬ জনকে আটক করে। এ ছাড়া প্রতিহত করে একটি চুরির চেষ্টা। উদ্ধার করে ৫টি মোবাইল ফোন। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পৃথক ঘটনায় আরও দুজনকে মাদকসহ আটক করেন আনসার সদস্যরা।

গত ৫ জুলাই নোয়াখালী জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনের টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনায় দুই নারী সদস্যকে আটক করেন কর্তব্যরত আনসার সদস্যরা। বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মালামাল নিয়ে পালানোর সময় তাদের হাতেনাতে ধরা হয়। ভুক্তভোগীদের চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালান। তারা ধাওয়া করে চোর চক্রের ওই দুই নারী সদস্যকে আটক করতে সক্ষম হন।

গত ৪ জুলাই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় এক পকেটমারকে আটক করে চুরি হওয়া নগদ টাকা উদ্ধার করা হয়। একই দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক পকেটমারকে চুরি হওয়া ৫ হাজার টাকাসহ আটক করা হয়। 

এর দুই দিন পূর্বে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক মোবাইল চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। তারও এক দিন আগে গত ১ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড়ের মধ্যে এক সেবাপ্রত্যাশীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আবুল খায়ের (৩৫) নামে এক পকেটমারকে তাৎক্ষণিকভাবে হাতেনাতে আটক করেন দায়িত্বরত আনসার সদস্য মোহাম্মদ মাকসুদুর রহমান।

গত ২৫ জুন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় এক মোবাইল চোরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চুরি হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। আনসার সূত্র জানায়, ধৃত আবু সাঈদ সাধারণ রোগীর বেশে গত ২৪ জুন রাত থেকে হাসপাতালে অবস্থান করছিলেন।

অন্যদিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন চুরির ঘটনা। সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা হারাচ্ছেন তাদের মোবাইল ফোন এবং মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী। হাসপাতালের ওয়ার্ডের ভেতরেই ঘটছে এমন ঘটনা। এসব নিয়ে সবসময় আতঙ্কে থাকেন রোগী ও তাদের স্বজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এসব ঘটনায় নজরদারি বাড়ানো হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা মাসুদ রানা গত ১৮ জুন ভাগনেকে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে যান হাসপাতালে। কেবিনে অসুস্থ বাবা ও ভাগনেকে রেখে বাইরে যান তিনি। এ সময় অজ্ঞাত পরিচয় এক লোক মোবাইল ফোন চার্জের কথা বলে কেবিন থেকে মানিব্যাগ ও সাড়ে ১৭ হাজার টাকা নিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে থানায় জিডি করেন মাসুদ। এমন ঘটনা একা মাসুদের নয়, রয়েছেন এমন আরও অনেক ভুক্তভোগী। গত এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৭টি চুরির ঘটনা ঘটেছে।


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগীরা। এ প্রসঙ্গে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী জানান, চুরি রোধের জন্য পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু তারপরও চুরির ঘটনা রোধ করা যাচ্ছে না। বিশেষ করে হাসপাতালের ওষুধ এবং টিকেট কাউন্টারের সামনে এসব চুরির ঘটনা ঘটে থাকে। সেখানে অনেক নারী এবং পুরুষ ভিড় করে টিকেট করার সময় চোররা ভিড়ের মধ্যে ঢুকে তাদের জিনিসপত্র এবং টাকা পয়সা চুরি করার কারণে সেটি সিসি ক্যামেরায় ধরা পড়ছে না।

গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাব) চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

গত কয়েক বছর ধরে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিভিন্ন ব্লকের ফ্লোর থেকে বৈদ্যুতিক লাইনের তার, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ পাইপ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সরঞ্জাম, চেয়ার ও ফ্যানসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটছে। অনেক সময় চিকিৎসক ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নগদ অর্থ ও জিনিসপত্রও খোয়া যায় বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় নিরাপত্তা জোরদার, দালালচক্র ও অনিয়ম প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ বলেন, সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে (১ জন প্লাটুন কমান্ডার, ১ জন সহকারি প্লাটুন কমান্ডার এবং ৮ জন আনসার সদস্য) ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় আনসার সদস্য মোতায়েনের ফলে মাঠপর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগ অনেকাংশে দূর হবে। একই সঙ্গে দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হাসপাতালের মূল্যবান সরকারি সম্পদের সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সরকার  হাসপাতাল  চুরির ভয়  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: