টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে যখন চট্টগ্রামের সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, তখনও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সচল রাখতে মাঠে কাজ করছেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কর্মীরা। বৃষ্টিতে সৃষ্টি হওয়া খানাখন্দ দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি মেরামতকাজ পরিচালনা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট অংশে বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভারী যানবাহনসহ সাধারণ যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে শ্রমিকরা দ্রুত ইট, খোয়া ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বর্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়। বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহনের জন্য এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। দ্রুত সংস্কারকাজ শুরু হওয়ায় চালক ও যাত্রীদের স্বস্তি ফিরেছে।
কেরানীহাটের ব্যবসায়ী তারেকুল ইসলাম বলেন, বন্যার মধ্যেও সড়ক বিভাগের লোকজন মাঠে নেমে কাজ করছেন। এতে মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমবে।
এক ট্রাকচালক বলেন, মহাসড়কে গর্ত থাকলে ভারী যানবাহন চালানো খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দ্রুত মেরামতের কারণে চলাচল অনেকটা নিরাপদ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা বর্ষণের কারণে মহাসড়কের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে জরুরি সংস্কার করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলেও গুরুত্বপূর্ণ সড়ক সচল রাখতে মাঠপর্যায়ের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সড়ক দিয়েই ত্রাণবাহী যানবাহন, জরুরি চিকিৎসাসেবা, উদ্ধারকারী দল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক চলাচল করছে। তাই তাৎক্ষণিক সংস্কার কার্যক্রম জনদুর্ভোগ কমানোর পাশাপাশি ত্রাণ ও জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সময়ের আলো/জোই