রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় আবুল কাশেম (৪৫) নামের স্থানীয় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালককে আটক করা হলেও স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। এর ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
রোববার (১২ জুলাই) সকাল ১০টায় রংপুর মহানগরের মডার্ন মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম জিয়াতপুকুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং মহানগরের ধর্মদাস মিলনপাড়া জামে মসজিদের খতিব (ইমাম) ছিলেন। তিনি ধর্মদাস মিলনপাড়ায় বসবাস করতেন। তার পৈতৃক বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী ‘আর.এম. স্পেশাল পরিবহন’-এর একটি বাস সকাল ৯টার দিকে মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্র এলাকায় পেছনের দিকে (রিভার্স) নেওয়ার সময় পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসটি আটকে রেখে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা আটকে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত আবুল কাশেমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক মর্তুজাকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই