চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় পানি চলাচলকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে মো. ওবাইদুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানি চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে ওবাইদুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ওবাইদুলকে গাছের বাটাম দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিরাজ করছে উত্তেজনা। তবে ঘটনার প্রকৃত কারণ, নিহতের মৃত্যুর সঠিক পরিস্থিতি এবং জড়িতদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তদন্ত শেষে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
সময়ের আলো/জোই