দ্রুত উত্তরণ জরুরি

সম্পাদকীয়

মতামত

অতি বৃষ্টিতে মানবিক সংকটে পড়েছে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার লাখো মানুষ। এটা শুধু একটি মৌসুমি দুর্যোগই নয়, রাষ্ট্রের দুর্যোগ

2026-07-13T04:28:40+00:00
2026-07-13T04:28:40+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
মতামত
অতি বৃষ্টিতে মানবিক বিপর্যয়
দ্রুত উত্তরণ জরুরি
সম্পাদকীয়
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:২৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
অতি বৃষ্টিতে মানবিক সংকটে পড়েছে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার লাখো মানুষ। এটা শুধু একটি মৌসুমি দুর্যোগই নয়, রাষ্ট্রের দুর্যোগ প্রস্তুতি ও পুনর্বাসন সক্ষমতারও কঠিন পরীক্ষা। সাত জেলায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। বহু এলাকায় মানুষ এখনও পানিবন্দি। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অপেক্ষায় আছেন তারা। এই পরিস্থিতিতে রাষ্ট্রের সবচেয়ে জরুরি দায়িত্ব হচ্ছে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।

চট্টগ্রামের ১৬টি উপজেলা ও ১৭৬টি ইউনিয়ন-পৌরসভা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি রয়েছে প্রায় ১ লাখ ৮৮ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজারের বেশি। শুধু চট্টগ্রামেই ২৪৭ দশমিক ৬৫ কিলোমিটার গ্রামীণ সড়ক, ৫০ দশমিক ৫৬ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং ১৭৬টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন এলাকা।

দুর্গত এলাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আশ্রয়কেন্দ্র বা পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের মানুষ, কৃষক, দিনমজুর। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তাদেরই আয়ের পথ রুদ্ধ হয়। 

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে পড়েছে। তবে এই সংকটের পেছনে কেবল অতিবৃষ্টি দায়ী নয়। পাহাড় ও জলাধার ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা রয়েছে। দখল-দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে নদী-খাল-জলাশয়। অপরিকল্পিত বসতি গড়ে উঠেছে। পাহাড়ের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় অনেকে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এসব কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে। স্থানীয় অবকাঠামোর দুর্বলতাও লক্ষণীয়। দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার প্রশ্নে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। 

সরকারের বিভিন্ন সংস্থা, জেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, আনসার ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে, ত্রাণ সহায়তা দিচ্ছে। তবে দুর্গত মানুষের প্রয়োজনের তুলনায় সহায়তা এখনও পর্যাপ্ত নয়। অনেক দুর্গম এলাকায় সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। এটা ঠিক যে, বড় ধরনের দুর্যোগে সবসময় সব এলাকায় একযোগে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় না। আর এখানেই প্রশাসনিক সমন্বয়ের প্রয়োজন পড়ে বেশি। এসব এলাকার জনপ্রতিনিধিদের দায়িত্বও বেশি। দুর্গম এলাকায় সহায়তা পৌঁছানো গেল কি গেল না সেটার ভিত্তিতে বোঝা যাবে যে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কতটা কার্যকর ও শক্তিশালী। প্রত্যন্ত এলাকায় দ্রুত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, স্যানিটেশন ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে।

ত্রাণ পৌঁছাতে হবে দুর্বল মানুষের কাছে। এ ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি যেন না হয় সেটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। ত্রাণ বিতরণে ডিজিটাল তথ্যভিত্তিক নজরদারি চালু করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবার, কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা ও কর্মহীন মানুষের জন্য পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধার কর্মসূচি অবিলম্বে শুরু করতে হবে। উপকারভোগী বাছাইয়ে কোনো বৈষম্য কাম্য নয়। 

দীর্ঘমেয়াদে দুর্যোগ সহনশীল সড়ক, সেতু, স্বাস্থ্যকেন্দ্র ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। পাহাড় ব্যবস্থাপনায় আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটানো সময়ের দাবি। অতিবৃষ্টি বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, আবহাওয়া অধিদফতর ও সশস্ত্র বাহিনীর মধ্যে স্থায়ী সমন্বয় কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

প্রাকৃতিক বিপর্যয় ঠেকানো না গেলেও মানবিক বিপর্যয়ের মাত্রা কমানো সম্ভব। তার জন্য প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর সমন্বয়, স্বচ্ছ ত্রাণ ব্যবস্থাপনা এবং পরিকল্পিত পুনর্বাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব। দ্রুত উত্তরণই হতে হবে পরবর্তী সব পদক্ষেপের মূল লক্ষ্য।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দ্রুত উত্তরণ জরুরি 


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: