বিশ্বকাপের ১০০টি ম্যাচ শেষ। এখন বাকি শুধু দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। এই চার দলকে নিয়েই এখন শিরোপার লড়াই।
টুর্নামেন্ট শুরুর আগেই অপ্টার সুপারকম্পিউটার এই চার দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল। এবার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে সম্ভাব্য চ্যাম্পিয়নের পূর্বাভাসও প্রকাশ করেছে তারা।
অপ্টার হিসাব অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্ম ফরাসিদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
তবে স্পেনও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। লুইস দে লা ফুয়েন্তের দল ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত। অপ্টার সিমুলেশন অনুযায়ী, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২ দশমিক ৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ৪ শতাংশ।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই লড়াইয়ে দুই দলের সম্ভাবনা প্রায় সমান। অপ্টার ২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৫০ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে ইংল্যান্ডকে ফাইনালে তুলেছে, আর ৪৯ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
শিরোপা জয়ের সম্ভাবনার তালিকায়ও দুই দলের ব্যবধান খুবই কম। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৬ শতাংশ।
সময়ের আলো/আরবিএন