কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮) নামে মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি থামানো হয়। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আসামির কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শাহ্-নেওয়াজ বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
সময়ের আলো/মহু