দুর্গম পাহাড়ে হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে বন্যার্তদের পাশে ৭ বিজিবি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম পাকুইজ্জাছড়ি এলাকায় প্রতিবছরই বন্যা আঘাত হানে, তবে খোঁজ মেলে না হতদরিদ্র ও অসহায় মানুষের।

2026-07-13T19:42:55+00:00
2026-07-13T19:43:15+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্গম পাহাড়ে হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে বন্যার্তদের পাশে ৭ বিজিবি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৭:৪৩ পিএম
বন্যার্তদের পাশে বিজিবি। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম পাকুইজ্জাছড়ি এলাকায় প্রতিবছরই বন্যা আঘাত হানে, তবে খোঁজ মেলে না হতদরিদ্র ও অসহায় মানুষের। এবার সেই দুর্গম পাহাড়ি এলাকার খাদ্য ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে পাকুইজ্জাছড়ির দুর্গম লক্ষিকার্বারী পাড়ায় বন্যার্তদের বাড়ি বাড়ি যান ৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ। সেখানে তিনি ও তার দল পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। একই সঙ্গে উপজেলার ছোট মেরুং এলাকার চিটাইঙ্গা পাড়ার বন্যাদুর্গত মানুষের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


বন্যার্তদের চিকিৎসাসেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি)। তিনি অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদানকালে ৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। গত ৫ জুলাই থেকে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দুর্গম এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় আমরা মাঠপর্যায়ে এই মানবিক কার্যক্রম পরিচালনা করছি।


বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাকুইজ্জাছড়ির বাসিন্দা জ্ঞানো চাকমা বলেন, প্রতিবছর বন্যা হলেও আমাদের খোঁজ নিতে কেউ আসে না। এবার বিজিবি এসে আমাদের খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। 

দীর্ঘ দিন ধরে পায়ের ঘায়ে ভুগতে থাকা ৭০ বছর বয়সী বৃদ্ধা লক্ষী চাকমা বলেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। বিজিবি বাড়ির কাছে এসে চিকিৎসা ও ওষুধ দেওয়ায় আমার খুব উপকার হলো।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাবুছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক (পিবিজিএমএস) মোহাম্মদ ইমরান হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং বিডিপি সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। দুর্গম পাকুইজ্জাছড়ার বন্যাদুর্গত মানুষের হাসিমুখই যেন মনে করিয়ে দেয়, দুর্যোগের সময়ে সামান্য মানবিক সহায়তাও কতটা মূল্যবান হতে পারে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুর্গম পাহাড়  হাঁটুসমান  কাদা  নৌপথ  বন্যার্ত  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: