দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং সিলেট বিভাগ প্লাবিত হওয়ায় বহু মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এই কঠিন সময়ে বরাবরের মতোই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার (১৩ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় চট্টগ্রামে বিশেষ ত্রাণ কার্যক্রম চালানো হয়। জহুরুল হক ঘাঁটি থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের পাশাপাশি মৌলভীবাজারের কমলগঞ্জেও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিমান বাহিনী স্টেশন শমশেরনগর হতে সেখানকার বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। উপদ্রুত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান বাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
যেকোনো জরুরি উদ্ধারকাজের জন্য বিমান বাহিনীর রেসকিউ টিম এবং হেলিকপ্টারসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিমান বাহিনীর ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল’ সক্রিয় করা হয়েছে। এটি সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি তদারকি করছে। দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
সময়ের আলো/জোই