অ্যানিমেশন সাফল্যের ১০ বছর পর লাইভ-অ্যাকশনে বড় পর্দায় মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মোয়ানা’। তবে প্রত্যাশানুযায়ী সাড়া ফেলছে না সিনেমাটি। দর্শক টানছে না প্রেক্ষাগৃহে। বক্স অফিসে শুরুতেই অপ্রত্যাশিত আয় হয়েছে ‘মোয়ানা’র।
মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি আয় করেছে ৪ কোটি ৩০ লাখ ডলার; যেখানে ৬ থেকে সাড়ে ৬ কোটি ডলার আয় করবে সিনেমাটি- এমনটাই আশা ছিল সংশ্লিষ্টদের। একাধিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘মোয়ানা’ বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে মোট ৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে।
২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বক্স অফিসে বাজিমাত করেছিল। ডিজনি প্লাসের সবচেয়ে বেশি দেখা এই সিনেমাটি বিশ্বব্যাপী ৬৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছিল। এরপর ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে সিক্যুয়েল ‘মোয়ানা-২’। সাফল্য ছাড়িয়ে যায় আগের সিনেমাকেও!
বক্স অফিসে ১০০ কোটি ডলারের বেশি আয় করে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে তৈরি হয় অগণিত ‘মোয়ানা’ ভক্ত! ‘মোয়ানা’ভিত্তিক ২ কোটি ২০ লাখের বেশি খেলনা বিক্রি হয়। অ্যানিমেটেড ‘মোয়ানা’র তুলনায় সাফল্য পাচ্ছে না লাইভ-অ্যাকশনের সিনেমাটি। তবে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের তুলনামূলক দুর্বল সূচনাকে বিশ্লেষকরা দর্শকদের আগ্রহ কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।
তাদের মতে, মাত্র এক দশকের মধ্যে ‘মোয়ানা’কে ঘিরে একাধিক বড় প্রকল্প আসায় দর্শকদের মধ্যে কিছুটা ক্লান্তি তৈরি হয়ে থাকতে পারে। বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহগুলোতে ‘মোয়ানা’ ভালো ব্যবসা করতে পারে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও ছুটি চলায় পারিবারিক দর্শক টানার সুযোগ রয়েছে।
আরও পড়ুন
এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ‘মুফাসা : দ্য লায়ন কিং’ প্রথম সপ্তাহান্তে মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করলেও শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ৭২ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করেছিল।
টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের লাইভ-অ্যাকশনের ‘মোয়ানা’ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত ১০ জুলাই। সিনেমাটিতে প্রধান চরিত্র মোয়ানা হিসেবে অভিনয় করেছেন নবাগত ক্যাথরিন লাগা আইয়া এবং মাউই চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন।
জনসন এই চরিত্রে ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন। তার কাছে মাউই শুধু একটি চরিত্র নয়, বরং পলিনেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি