গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় পানি কমতে শুরু করেছে। একইসঙ্গে পৌরসভার বিভিন্ন কারখানার দূষিত ও বন্যার ময়লা পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এমনই তথ্য পাওয়া যায়।
জানা গেছে, ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভায় প্রায় ১৫ লাখের অধিক মানুষের বসবাস। গত ৩ দিনের টানা বর্ষণে পৌরসভার বিশ্বাস পাড়া, হরিণহাটি, উলুসরা, পল্লীবিদ্যুৎ দীঘির পাড়, জোড়া পাম্প, হরতকিতলা, ডাইনকিনী, পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। সোমবার রাত থেকে বৃষ্টি না থাকায় মঙ্গলবার পৌরসভার বিভিন্ন এলাকায় পানি কমে যায়। তবে, দূষিত পানির কারণে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ ও জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতায় নোংরা পানি ও আবর্জনা ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। এলাকাবাসী দ্রুত বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান,‘সোমবার বিকেলে পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও ওষুধসহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়েছে। এ বিতরণ অব্যাহত থাকবে।’
সময়ের আলো/মহু