বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাস পর মারা গেছেন নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তবে মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক বিবৃতিতে জানিয়েছে, রব ডিপেরিঙ্কের আকস্মিক মৃত্যুতে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। পাশাপাশি ফুটবল অঙ্গনেও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
ডিপেরিঙ্ক ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডনে মেট্রোপলিটন পুলিশ তাকে একটি মামলায় গ্রেফতার করে। সে সময় তিনি ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার মধ্যকার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করতে সেখানে অবস্থান করছিলেন।
গ্রেফতারের পর মে মাসে ফিফা তাকে বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে বাদ দেয়। পরে পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে থাকা মামলাটি খারিজ করে দেয়। তবে ততদিনে বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ হারান এই ডাচ রেফারি।
মৃত্যুর আগে ডাচ সংবাদপত্র ‘ডি টেলেগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপেরিঙ্ক বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি শুরু থেকেই পুলিশি তদন্তে সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনকে সব তথ্য জানিয়েছেন। এরপরও বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি গভীরভাবে হতাশ হয়েছিলেন।
সময়ের আলো/আআ