জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার চট্টগ্রাম সফর নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি দাবিকে 'সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর' বলে দাবি করেছে দলটি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে বা তার সঙ্গে সাক্ষাৎ করতে যাননি।
মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, দলের কেন্দ্রীয় নেতারা জলবায়ু ও পরিবেশকর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসভবনে অবস্থান করেছিলেন। এর সঙ্গে জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর কোনো সম্পৃক্ততা ছিল না।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর দাবি প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাড়িতে অবস্থান করেছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এই বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবির তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রকৃত সত্য তুলে ধরা হলো।
এতে আরও হয়, গত রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় এনসিপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ত্রাণ বিতরণ শেষ হতে রাত হয়ে যাওয়ায় নেতারা যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন 'কোল ফ্রি ওয়ার্ল্ড'-এর নির্বাহী সম্পাদক ও জলবায়ু কর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় নৈশভোজ করেন এবং সেখানেই রাত্রিযাপন করেন।
এনসিপির ভাষ্য অনুযায়ী, আলোচ্য বাড়িটি ছয় ভাইয়ের যৌথ মালিকানাধীন। রায়হানুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী আপন ভাই হলেও এনসিপির নেতারা রায়হানুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত প্লটে অবস্থান করেন। ওই সময় মাহমুদুল ইসলাম চৌধুরী বাড়িতে উপস্থিত ছিলেন না বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের সূত্রে জলবায়ু কর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় যাই। সেখানে জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর সঙ্গে আমাদের কোনো দেখা-সাক্ষাৎ বা আলোচনা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সফরকে ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে।’
কোল ফ্রি ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, ‘এনসিপি নেতা নাহিদসহ অন্য নেতারা আমার আমন্ত্রণে আমার বাড়িতে এসেছিলেন এবং তারা আমার ব্যক্তিগত প্লটেই অবস্থান করেন। এটি আমাদের ৬ ভাইয়ের যৌথ সম্পত্তি হলেও ওই সময় আমার ভাই জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী বাড়িতে ছিলেন না। এই সফরের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’
একটি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ বিতরণ শেষে সাধারণ সৌজন্যতাবোধ থেকে এই সফরের আয়োজন করা হয়েছিল। এর সাথে কোনো রাজনৈতিক দলের সমঝোতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য জড়িত ছিল না। আমরা সকল দায়িত্বশীল গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সত্যতা যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছে এনসিপি।
সময়ের আলো/কেআই