ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত চাঁদাবাজদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নেতারা এই আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এক প্রতিবাদ মানববন্ধনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। তিনি অভিযোগ করে বলেন, গত শনিবার ডিডিএনের কাছে ফোনে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন সোমবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়। এই ঘটনার পর থেকে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার অভাবে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এটি এখন আর কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো তথ্যপ্রযুক্তি ও আইএসপি খাতের জন্য একটি বড় নিরাপত্তা সংকট।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চার দফা দাবি তুলে ধরা হয়। ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত মূল অপরাধীদের দ্রুত শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং তাদের নেটওয়ার্ক অবকাঠামোর সার্বিক নিরাপত্তা জোরদার করা। আইএসপি খাতে সংঘটিত সব ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া। ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সেল গঠন করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনীতি, সরকারি-বেসরকারি প্রশাসন ও জনসেবার বড় অংশই এখন ইন্টারনেটনির্ভর। ফলে ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করার একটি গভীর অপচেষ্টা।
আইএসপিএবি নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, আমরা জনস্বার্থের কথা বিবেচনা করে এখনো সেবা চালু রেখেছি। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে আমরা কঠোর কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হব।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই