গত জুন মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৩৬ জন। এর মধ্যে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩২ এবং নিহতের ক্ষেত্রে ৩৭ শতাংশ।
মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানায় এই সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
প্রতিবেদন অনুযায়ী, মাসটিতে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১৩২৩ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় নিহত ৫ জন, আহত হয়েছেন ৫ জন। এই সময়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন।
যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশ- নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহতের ৯ দশমিক ৯৭ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে। ১২৮টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহ বিভাগে ২৫টি। এ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
এদিকে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৬ জন চালক, ৮২ জন পথচারী, ২৯ জন পরিবহন শ্রমিক, ৮৭ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ৫২ জন নারী, ৫৫ জন শিশু, ১ জন সাংবাদিক, ১ প্রকৌশলী এবং ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।
তাদের মধ্যে নিহত হয়েছে- ২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাবাহিনীর সদস্য, ১ জন প্রকৌশলী, ১১১ জন বিভিন্ন পরিবহনের চালক, ৭১ জন পথচারী, ৪৫ জন নারী, ৪৭ জন শিশু, ৬০ জন শিক্ষার্থী, ১১ জন পরিবহন শ্রমিক, ১০ জন শিক্ষক ও ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
জানা যায়, যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে। সংগঠনটির দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব দুর্ঘটনার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয় না।
সময়ের আলো/প্রিন্ট/জেডি