দীর্ঘ ৬২ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। শোনাবেন কালজয়ী ১০টি গান। আগামী ১৮ জুলাই একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে এই আসর। একাডেমি ও শিল্পী- দুপক্ষ থেকেই খবরটি নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক কাজে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই শিল্পকলা একাডেমির একক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে রুনা লায়লা তার গৌরবময় সংগীতজীবন থেকে কালজয়ী, শ্রোতাপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ের কালজয়ী গানগুলো দিয়ে এই আয়োজন সাজানো হচ্ছে। সঙ্গে থাকবে গল্প-আড্ডা।
অনুষ্ঠানটি নিয়ে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।
গান পরিবেশনের আগে একই মঞ্চে উপমহাদেশের এই প্রখ্যাত শিল্পীকে দেওয়া হবে শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা। এর আগে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে এরকম অনুষ্ঠান করেছে শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন বলেন, আমাদের সংগীতে জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন খুব একটা হয়নি। আমরা চেষ্টা করছি, তাদের প্রতি দেশের সম্মানটা পৌঁছে দিতে। সে ধারাবাহিকতায় এবার রুনা লায়লাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।
এদিকে শিল্পকলার অনুষ্ঠান শেষ করেই আবারও আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন এই গুণী শিল্পী। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও টেলিভিশন অনুষ্ঠান ও সিনেমায় খুবই কম গান করছেন রুনা লায়লা। অনেক দিন পর ‘প্রিন্স’ সিনেমায় প্লেব্যাক করে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছেন তিনি।
তরুণ শিল্পী প্রীতম সাহানের সঙ্গে গাওয়া তার ‘জ্বালা জ্বালা’ গানটি অল্প সময়ে অনেকের মনোযোগ কেড়েছে। তার আগে তিনি গানের ভুবনে পুনরায় আলোড়ন তুলেছেন অনলাইন সংগীতানুষ্ঠান ‘কোক স্টুডিও বাংলা’য় ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানটির ফিউশন পরিবেশনা দিয়ে। সবশেষ ঈদের আনন্দমেলায় গান করেন রুনা লায়লা।
সময়ের আলো/প্রিন্ট/জেডি