প্রায় তিন দশকের ক্যারিয়ারে বিভিন্ন গল্পের প্রধান নায়িকা হয়ে হাজির হয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। নেতিবাচক কিংবা ডার্ক শেডের কোনো চরিত্রে পাওয়া যায়নি তাকে। তবে সেই অপূর্ণতা অনুভব করেন তিনি। অভিনয় করতে চান ভিলেন বা খলচরিত্রে। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’
পূর্ণিমার ধারণা, তার চেহারার কোমলতার কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’
অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। মাঝে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। সর্বশেষ ‘আহারে জীবন’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন ২০২৪ সালে।
মহামারিকালে (কোভিড-১৯) মানুষের জীবনসংগ্রাম, ত্যাগ এবং সামাজিক বাস্তবতার গল্প নিয়ে সিনেমাটি নিমাণ করেন ছটকু আহমেদ। সরকারি অনুদানের এই সিনেমায় তার বিপরীতে দেখা যায় ফেরদৌসকে। একই নায়কের বিপরীতে ৭-৮ বছর আগে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমায় নাম লেখান পূর্ণিমা। দুটি সিনেমারই পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতদিন কেটে গেলেও শেষ হয়নি কাজ।
সিনেমা দুটি প্রসঙ্গে পূর্ণিমা জানান, সিনেমা দুটির কোনো খবর তার কাছে আপাতত নেই। পরিচালকই সব বলতে পারবেন।
অভিনয়ে নিয়মিত হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, আসলে আগের মতো নিয়মিত অভিনয় করাটা কঠিন। তবে মানসম্মত গল্প, পছন্দমতো চরিত্র, ভালো নির্মাতা, ভালো টিম হলে অবশ্যই অভিনয় করব।
সময়ের আলো/প্রিন্ট/জেডি