বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর সরকার মেরামত করে দেবে : অনিন্দ্য অমিত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি সরকারের উদ্যোগে মেরামত করা হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুর মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সহায়তা

2026-07-15T15:36:05+00:00
2026-07-15T15:36:05+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর সরকার মেরামত করে দেবে : অনিন্দ্য অমিত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম 
বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সময়ের আলো
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি সরকারের উদ্যোগে মেরামত করা হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুর মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার কেএসপ্রু পাড়া (আমবাগান পাড়া) এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই, এ বন্যায় যাদের ঘর-বাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘর সরকারের উদ্যোগে মেরামত করে দেওয়া হবে। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, আপনাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কারও ফসলের ক্ষতি হয়েছে, কারও মাছের ঘের তলিয়ে গেছে, আবার কারও গবাদিপশুর ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে দিতে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।


অনিন্দ্য ইসলাম অমিত জানান, নদীতীরবর্তী এলাকা ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষের তালিকা প্রস্তুত করে তাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রাকৃতিক খাল, নদী ও পাহাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাকৃতিক জলাধার ও পাহাড় রক্ষায় কোনো ধরনের অবৈধ দখল বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় যেসব কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে, তাদের জন্য সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত টানা সাত দিনের অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধস ও জলাবদ্ধতায় সৃষ্ট ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার প্রায় ৭০ শতাংশ এলাকা বন্যাকবলিত হওয়ায় অন্তত ১২ হাজার ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং অর্ধলক্ষাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন।

এই দুর্যোগে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন এবং পানিতে ডুবে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় মোট ৪৭টি ভূমিধসের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১১টি ছিল বড় আকারের। পাহাড়ধস ও গাছ উপড়ে পড়ায় ২১টি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ৬১ কিলোমিটার এবং এলজিইডি ও স্থানীয় সরকারের আওতাধীন আরও ৯০ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চারটি ছোট-বড় সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সচল করা হলেও বাকি তিনটির সংস্কারকাজ চলমান রয়েছে।

কৃষি বিভাগের প্রাথমিক তথ্যমতে, জেলার ২ হাজার ১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং অন্তত ৫ হাজার ৩২৩ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   বন্যা  ক্ষতিগ্রস্ত  ঘর  সরকার  মেরামত  অনিন্দ্য অমিত  সময়ের আলো  বান্দরবান  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: