অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত বান্দরবানের ক্রাইক্ষংপাড়া এলাকা থেকে ১২২টি বন্যাদুর্গত পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী ক্রাইক্ষংপাড়া এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হলে বহু পরিবার পানিবন্দি ও বাস্তুহারা হয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের উদ্ধারকারী দল প্রতিকূল আবহাওয়া ও তীব্র স্রোত উপেক্ষা করে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে ক্রাইক্ষংপাড়া এলাকা থেকে ১২২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের স্থানীয় শহীদ মোশাররফ বিজিবি স্কুল ও ক্রাইক্ষংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই এই উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল, বিএসপি সশরীরে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন। তাঁর নির্দেশনায় বিজিবির সদস্যরা পার্শ্ববর্তী বিভিন্ন পাড়ায় আটকে পড়া মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানীয় পানি, জরুরি ওষুধসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের মতো যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সময়ের আলো/এসএকে