
সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক
সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিকবাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে তাঁদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিক বি-২০২৬ ব্যাচের এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন নাবিকদের সালাম গ্রহণ করেন।
দীর্ঘ ২২ সপ্তাহের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে নবীন নাবিকরা সুসজ্জিত মার্চপাস্টে অংশ নেন। এ সময় তাদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন নৌবাহিনী প্রধান।
পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বি-২০২৬ ব্যাচে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হন মো. সেজান মাহমুদ। তিনি লাভ করেন ‘নৌ-প্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পান মো. মুজাহিদুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।
কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন তারা।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে তিনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ঘাঁটিটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।
পেশাগত জীবনে পদার্পণ করায় নবীন নাবিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান নৌবাহিনী প্রধান। তিনি প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত প্রাতিষ্ঠানিক শিক্ষা, জ্ঞান ও সামরিক দক্ষতা কাজে লাগিয়ে যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দফতরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই