সাগরে ডুবো চরের ঝুঁকি, পথ ঘুরে চলায় বিপাকে পাথরঘাটার জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বঙ্গোপসাগরে ডুবো চর ও অগভীর পানির কারণে আগের পরিচিত নৌপথে চলাচল করতে পারছেন না বরগুনার পাথরঘাটার জেলেরা। নিরাপদ পানির সন্ধানে

2026-11-29T12:11:23+00:00
2026-11-29T12:11:23+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাগরে ডুবো চরের ঝুঁকি, পথ ঘুরে চলায় বিপাকে পাথরঘাটার জেলেরা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১১ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
বঙ্গোপসাগরে ডুবো চর ও অগভীর পানির কারণে আগের পরিচিত নৌপথে চলাচল করতে পারছেন না বরগুনার পাথরঘাটার জেলেরা। নিরাপদ পানির সন্ধানে মাছ ধরতে যাওয়া ও ঘাটে ফেরার পথে ট্রলার নিয়ে ঘুরপথে চলতে হচ্ছে তাদের। এতে বাড়ছে সময় ও জ্বালানি খরচ। পাশাপাশি ডুবো চরে ট্রলার আটকে যাওয়া এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

জেলেদের ভাষ্য, সুন্দরবনসংলগ্ন উপকূলীয় সাগর এবং বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর মোহনায় পলি জমে বিভিন্ন স্থানে অগভীরতা তৈরি হয়েছে। এসব এলাকায় চলাচলের সময় প্রায়ই ডুবো চরে আটকে যাচ্ছে ট্রলার। কখনো ঘটছে দুর্ঘটনাও।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরের বিভিন্ন স্থানে ডুবো চর ও অগভীর পানির কারণে ট্রলারগুলোকে আগের পরিচিত পথ পরিবর্তন করে চলতে হচ্ছে। নিরাপদ পানির সন্ধানে অনেক দূর ঘুরে যেতে হয়। এতে সময় ও জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি মাছ ধরার কাজেও সমস্যা হচ্ছে।

পাথরঘাটার জেলে হাবিব মাঝি, রহমান মাঝি ও আব্দুল মালেক মাঝি জানান, ডুবো চর ও অগভীর এলাকা বেড়ে যাওয়ায় আগের পথে ট্রলার চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ডুবো চর এড়িয়ে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। ফলে মাছ ধরার এলাকায় পৌঁছানো এবং ঘাটে ফিরতে অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয় হচ্ছে।


কালমেঘা এলাকার জেলে ছগির মাঝি বলেন, সাগরে যাওয়ার জন্য সাধারণত ভাটার সময় ট্রলার চালাতে হয়। এতে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু এ পথে প্রায়ই ডুবো চরে ট্রলার আটকে যায়। তখন জোয়ারের জন্য ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরে উজানের স্রোতে ট্রলার চালিয়ে সাগরে যেতে হয়। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি লাগে। আবার ডুবো চরে আটকে গেলে স্রোত ও ঢেউয়ের ধাক্কায় ট্রলারের তলা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।

কাকচিড়া এলাকার জেলে ইলিয়াস মাঝি জানান, কাকচিড়া লঞ্চঘাট থেকে বিষখালী নদী হয়ে ট্রলার নিয়ে পাথরঘাটা মৎস্য বন্দরে আসতে তিনটি বড় চর পার হতে হয়। গত ২০ বছরে চরগুলো ক্রমেই বড় হয়েছে। বর্তমানে সেখানে ঘন জঙ্গলও গড়ে উঠেছে। এতে নদীপথ সংকুচিত হয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। আগে যে পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা লাগত, এখন সেখানে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

এদিকে পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় প্রায় ১৫০ একর আয়তনের বিহঙ্গ দ্বীপ জেগে উঠেছে। পাথরঘাটা উপজেলা প্রশাসনের পর্যটনবিষয়ক তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৩০ বছর আগে দ্বীপটির সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, নদীবাহিত পলি, জোয়ার-ভাটা, সমুদ্রস্রোত ও ঢেউয়ের প্রভাবে উপকূলীয় নদী ও সমুদ্রতলের ভূপ্রকৃতিতে পরিবর্তন আসতে পারে।

উপকূলীয় নদী ও সমুদ্রতলের ভূপ্রকৃতির পরিবর্তন পর্যবেক্ষণে বিভিন্ন সময়ে জরিপও চালানো হয়েছে। সরকারি পরিবেশগত সমীক্ষা অনুযায়ী, বিষখালী-বলেশ্বর-বুড়িশ্বর নদীর মোহনায় ২০২১ ও ২০২৩ সালে সমুদ্রতলের গভীরতা পরিমাপ করা হয়। এ সময় সিঙ্গেল বিম ও মাল্টিবিম ইকো সাউন্ডার ব্যবহার করে মোট ৫৮১ কিলোমিটার জরিপপথের তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রায় ৪৭ বর্গকিলোমিটার এলাকায় গভীরতার বিস্তারিত জরিপ চালানো হয়। দুই সময়ের তথ্য তুলনা করে নদীর তলদেশে পলি জমা ও ক্ষয়ের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আগে সাগর ও নদীতে পানির স্বাভাবিক প্রবাহের জন্য যেসব হোর (জলধারা) ছিল, সেগুলোর অনেকগুলো পলি জমে ভরাট হয়ে চরে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন ও ফারাক্কা বাঁধের প্রভাবে পানির প্রবাহ ও গতিপথে পরিবর্তন ঘটছে বলে তারা মনে করছেন। ডুবো চরের কারণে বিভিন্ন সময় ট্রলার আটকে যাওয়া ও দুর্ঘটনার ঘটনাও ঘটছে। আশার চর, ফাতরার চর, লতার চর ও চর বিজয়সহ নতুন নতুন চর জেগে উঠেছে। এসব চরের একেকটির দৈর্ঘ্য প্রায় তিন থেকে সাত কিলোমিটার।

স্থানীয় গণমাধ্যমকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, ডুবো চরগুলোর কারণে নৌ চলাচলে ঝুঁকি বাড়ছে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাথরঘাটা উপকূল থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন নৌপথে ডুবো চর শনাক্ত, পানির গভীরতা পরিমাপ এবং নিরাপদ নৌপথের মানচিত্র তৈরি করা প্রয়োজন। এতে জেলেরা নিরাপদে চলাচল করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।


এ বিষয়ে বরগুনা নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান বলেন, সাগর ও নদীর মোহনায় ডুবো চর থাকার বিষয়ে এখন পর্যন্ত কেউ তাদের অবহিত করেননি। তবে বিষয়টি তাঁদের নজরে এসেছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, উপকূল থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন নৌপথে ডুবো চর ও অগভীর পানির কারণে জেলেদের চলাচলে ভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জেলেদের নিরাপত্তা, মৎস্য আহরণ ও উপকূলীয় মানুষের জীবিকা জড়িত।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তর, বিশেষ করে বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ডুবো চর ও নদীপথের নাব্যতা পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের মাধ্যমে সরেজমিন জরিপ ও পানির গভীরতা পরিমাপের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ডুবো চর চিহ্নিত করে নিরাপদ নৌপথ নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাগর  ডুবো চর  ঝুঁকি  পথ ঘুরে চলা  বিপাকে  পাথরঘাটার জেলেরা  বঙ্গোপসাগর  ডুবো চর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: