
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর প্রবেশমুখে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর প্রবেশমুখে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর প্রবেশমুখে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অবরোধে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল। এ সময় একটি রেস্তোরাঁ, একটি মার্কেট ও অন্তত ৩০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের জমাদ্দার মোড়ের গোলচত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এতে, পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
এ সময়, টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়াতে নিরাপদ স্থানে সরে যান। পরে বিক্ষোভকারীরা তাদের চেয়ার-টেবিল ও অস্থায়ী অবস্থানস্থল ভাঙচুর করেন। পাশাপাশি পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আগের রাত থেকেই উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছিল। সকালে একদল লোক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে সেতু এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। ঘটনাস্থল থেকে ককটেলের ধ্বংসাবশেষ জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ দিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবরোধের খবর পাওয়া গেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া, গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানেও অবরোধ করা হয়। এতে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সময়ের আলো/এসকে