প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোনেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুটিকা এলাকায় যুবদল নেতার ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে রাতভর সহিংসতা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুটিয়া এলাকায় কে বা কারা যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আর এই হামলার পরপরই যুবলীগ নেতার বাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে পাশের ধলা গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এসময় আহমদ হোসেনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লন্ডন প্রবাসী আমানুর রশীদ খান জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মিজানুর রহমানসহ আওয়ামী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতে এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে অগ্নিসংযোগে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।
ওসি আরও বলেন, এ ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।
এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নি সংযোগে কারা জড়িত তা তার জানা নেই। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পূর্বধলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সময়ের আলো/জোই