
ঝালকাঠির বাজার। ছবি : সময়ের আলো
ঝালকাঠির বাজার। ছবি : সময়ের আলোশীতের সবজির সরবরাহ থাকলেও ঝালকাঠির বাজারে দাম কমছে না। বরং বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। একই সঙ্গে গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৫০ থেকে ৭০ টাকা।
বিক্রেতাদের দাবি, ঘূর্ণিঝড়ের প্রভাব ও টানা তিন দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকার রবি ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয়ভাবে সবজির উৎপাদন ও সরবরাহ কমেছে। ফলে বাইরের জেলা থেকে সবজি আনতে হচ্ছে। পাইকারি বাজারে বেশি দামে কেনার কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে।
খুচরা বিক্রেতা মো. আরিফ হোসেন জানান, বৃষ্টিতে সবজির খেত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তারা।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, অসময়ের বৃষ্টিতে ধান, শাকসবজিসহ সব ধরনের কৃষি ফসল ক্ষতির মুখে পড়েছে।
এদিকে জেলাটিতে গরুর মাংসের দামও বেড়েছে। আগে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ৮৫০ টাকা। অর্থাৎ কেজিতে ৫০ টাকা বেড়েছে।
ক্রেতাদের অভিযোগ, তিন দিনব্যাপী ইজতেমাকে কেন্দ্র করে গরুর মাংসের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এতে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
মাংসের দাম বাড়ানোর প্রকৃত কারণ খতিয়ে দেখা এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। একই সঙ্গে বিষয়টি তদন্তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সময়ের আলো/জোই