প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ এএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোঝালকাঠির নলছিটিতে এক স্কুলশিক্ষকের বাড়িতে খাবারে চেতনানাশক বিষাক্ত স্প্রে করে লুটপাটের চেষ্টার ঘটনায় ২০ দিন পার হলেও আতঙ্ক কাটেনি পরিবারটির। খাবার খেতে গেলেই এখনও ভয় ও শঙ্কায় ভুগছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই স্কুলশিক্ষক ও তার ১২ বছর বয়সী মেয়ে।
উপজেলার মধ্যম মালিপুর গ্রামে গত ৭ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিয়াজ (৪৫) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রিয়াজ জানান, ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের জন্য রাখা রাতের খাবার খেতে গিয়ে ভাত পানিতে ভেজা অবস্থায় দেখতে পান। পরে সেই ভাত পানিতে ধুয়ে তিনি ও তার মেয়ে রুশমিয়া (১২) একসঙ্গে খান। কিছুক্ষণ পর দুজনেরই মাথা ঝিমঝিম করতে থাকে।
এ সময় জানালা দিয়ে টর্চের আলো ফেললে বাইরে মুখোশ পরা একাধিক ব্যক্তিকে দেখতে পান তিনি। বিষয়টি প্রতিবেশী ও স্বজনদের ফোনে জানান। পরে সবাই মিলে বাড়ির দুইদিক থেকে দুর্বৃত্তদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা পেছনের ধানখেত দিয়ে পালিয়ে যায়।
এরপর কী ঘটেছিল, তা আর মনে করতে পারেননি রিয়াজ। প্রায় ১৭ ঘণ্টা পর চেতনা ফিরে এলে নিজেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় দেখতে পান তিনি।
প্রধান শিক্ষক রিয়াজের ধারণা, বিকেল বা সন্ধ্যার দিকে খাবার ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা চেতনানাশক বিষাক্ত স্প্রে ছড়িয়ে রেখেছিল।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ১১ নভেম্বর নলছিটি থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) সোহেল।
এসআই সোহেল জানান, প্রধান শিক্ষকের বাড়ির খাবারে চেতনানাশক ওষুধ স্প্রে করে লুটপাটের পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল দুইবার পরিদর্শন করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার নির্দিষ্ট কাউকে সন্দেহ বা শনাক্ত করতে না পারায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে।
সময়ের আলো/জোই