
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সময়ের আলো
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সময়ের আলোসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সরকার। এবার বিমানবন্দরে সার্বক্ষণিক চিকিৎসকদল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তায় ‘ল ফার্ম’ গঠন এবং বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মারা যাওয়া প্রবাসী কর্মীদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক বিশ্রামাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যে দৃশ্যমান হবে। এ ছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয় উল্লেখ করে মন্ত্রী জানান, তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে ইতোমধ্যে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজও চলছে।
যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বৈধ-অবৈধ নির্বিশেষে এবং বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, কোনো প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরলে তার পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা) জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন।
এ ছাড়া অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই