পাঁচ মাসের মেয়েকে ফেলে চলে যান বাবা, অধিকার পেতে মায়ের আকুতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

মাত্র পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়ে ভাড়াবাসায় ছিলেন জেসমিন আক্তার। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্ত্রী ও শিশুকন্যাকে রেখে চলে যান

2026-11-29T12:22:58+00:00
2026-11-29T12:22:58+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাঁচ মাসের মেয়েকে ফেলে চলে যান বাবা, অধিকার পেতে মায়ের আকুতি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম 
পাঁচ মাসের মেয়েকে ফেলে চলে যান বাবা, অধিকার পেতে মায়ের আকুতি
পাঁচ মাসের মেয়েকে ফেলে চলে যান বাবা, অধিকার পেতে মায়ের আকুতি
মাত্র পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়ে ভাড়াবাসায় ছিলেন জেসমিন আক্তার। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্ত্রী ও শিশুকন্যাকে রেখে চলে যান মো. আতাউর রহমান। এরপর কেটে গেছে ছয় বছরের বেশি সময়। এই দীর্ঘ সময়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, মেয়ের খোঁজখবরও নেননি বলে অভিযোগ জেসমিনের।

বাবার স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মায়ের কাছেই বেড়ে উঠছে এখন সাড়ে ছয় বছরের শিশু ওয়াজিহা জাহিন। মেয়ের ভবিষ্যৎ, নিরাপত্তা ও ভরণপোষণ নিয়ে উদ্বিগ্ন মা জেসমিন। তার দাবি, আদালতের রায়ে মাসিক ভরণপোষণ নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত সেই টাকা পাননি। দেনমোহরের অর্থও পরিশোধ করা হয়নি। তাই সন্তানের যাবতীয় ব্যয় বাবাকে বহনের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেয়ের বাবার সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ এবং তার প্রাপ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

অভিযুক্ত মো. আতাউর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অন্যদিকে জেসমিন আক্তারের বাড়ি রংপুর মহানগরীর চকবাজার এলাকায়। পেশায় তিনি একজন হোমিও চিকিৎসক।

জেসমিনের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৫ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। রংপুরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় বিবাহোত্তর অনুষ্ঠান। বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় কন্যাসন্তান ওয়াজিহা জাহিন। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়ে তাকে ভাড়া বাসায় রেখে চলে যান আতাউর রহমান। এরপর থেকে স্ত্রী ও সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি। মেয়ের ভরণপোষণ কিংবা লালন-পালনের দায়িত্বও পালন করেননি। এ অবস্থায় ২০২২ সালে ভরণপোষণ ও দেনমোহর দাবিতে মামলা করেন জেসমিন। মামলাটি চলমান থাকা অবস্থায় একই বছর আতাউর রহমান তাকে তালাকের কাগজ পাঠান বলেও জানান তিনি।

জেসমিনের অভিযোগ, ২০২৪ সালে আতাউর রহমান আবার বিয়ে করেন। এ খবর জানার পর মেয়ের ভরণপোষণের দাবি নিয়ে তিনি আতাউর রহমানের কোচিং সেন্টারে যান। সেখানে কোচিংয়ের শিক্ষক মাজিদুল মেয়ের খরচ বাবার কাছ থেকে আদায় করে দেওয়ার দায়িত্ব নেন। তার মাধ্যমে ২০২৪ সালের ২৮ মে থেকে ২০২৫ সালের ২৫ আগস্ট পর্যন্ত প্রতি মাসে চার হাজার টাকা করে মেয়ের খরচ দেওয়া হয়। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে আতাউর রহমান ব্রাহ্মণবাড়িয়ার একটি উচ্চ বিদ্যালয়ে যোগ দেওয়ার পর কোচিং থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় বলে দাবি করেন জেসমিন।

তিনি জানান, ২০২৬ সালের ২৯ এপ্রিল ভরণপোষণ ও দেনমোহরসংক্রান্ত মামলার রায় হয়। রায়ে মেয়ের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা ভরণপোষণ নির্ধারণ করা হয়েছে। তবে রায় হলেও এখন পর্যন্ত দেনমোহর ও মেয়ের ভরণপোষণের কোনো টাকা পাননি বলে দাবি করেন তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন বলেও জানান জেসমিন।

জেসমিনের আরও অভিযোগ, চাকরির জন্য চার লাখ টাকা নিয়ে চাপ সৃষ্টি এবং দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে তাকে মানসিক ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এসব ঘটনায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও পারিবারিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে মাসে তিন হাজার টাকায় সন্তানের খাবার, পোশাক, শিক্ষা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব নয়। তাই মেয়ের যাবতীয় খরচ বাবাকে বহনের দাবি জানিয়েছেন তিনি।


মেয়ের চাওয়াটাও খুব বেশি কিছু নয়। সে বাবার সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়, পেতে চায় বাবার স্নেহ-ভালোবাসা। জন্মের পর থেকে বাবার সান্নিধ্য না পাওয়া শিশুটির এই প্রত্যাশা মায়ের কণ্ঠেও গভীর বেদনা হয়ে ধরা দিয়েছে।

জেসমিন বলেন, মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় আছেন। নিজের শারীরিক অবস্থা নিয়েও উদ্বিগ্ন। কোনো কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে মেয়ের দায়িত্ব কে নেবে, সেই প্রশ্ন তাকে ভাবিয়ে তুলছে। মেয়ের ভরণপোষণ, নিরাপত্তা ও বাবার সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

একপর্যায়ে নিজের অসহায়ত্ব ও হতাশা প্রকাশ করতে গিয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যার আশঙ্কার কথাও জানান জেসমিন। এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর জন্য মেয়ের বাবা আতাউর রহমান দায়ী থাকবেন বলে মন্তব্য করেন তিনি। তবে তার প্রত্যাশা, পরিস্থিতি এমন পর্যায়ে যাওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে এবং মেয়ের ভরণপোষণ ও প্রাপ্য অধিকার নিশ্চিত করবে।

এসব বিষয়ে বক্তব্য জানতে আতাউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিশু  মেয়ে  বাবা  অধিকার  মায়ের আকুতি  স্নেহ-ভালোবাসা  ভরণপোষণ  বঞ্চিত  গাইবান্ধা  সুন্দরগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: