মৌলভীবাজারে চা শ্রমিকের নতুন নেতৃত্বে রাজু ও মুকেশ

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ আট বছর পর মৌলভীবাজারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ

2026-11-29T13:23:26+00:00
2026-11-29T13:23:26+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মৌলভীবাজারে চা শ্রমিকের নতুন নেতৃত্বে রাজু ও মুকেশ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৩ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
দীর্ঘ আট বছর পর মৌলভীবাজারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশের ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণের পর রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

শ্রম অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ফল ঘোষণা করেন।

সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা আরেক প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।

শনিবার সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলায় রয়েছে ১৩৫টি চা বাগান। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ জন চা শ্রমিকের ভোট দেওয়ার কথা ছিল।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীতে দুটি এবং সম্পাদকমণ্ডলীতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চাবাগানের পঙ্কজ কন্দ। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রার্থী ছিলেন।


অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার ছিলেন।

সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।

নির্বাচনে বিজয়ীদের সঙ্গে দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলও প্রকাশ করা হয়েছে। জেলার সাতটি উপজেলার চা বাগানগুলোর বিজয়ী প্যানেলের সভাপতিদের নামসহ ফলাফল বিবরণী প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। এতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। ফলাফলে শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার চা বাগানগুলোর বিজয়ী প্যানেলের সভাপতিদের নাম রয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে ফল ঘোষণার পর ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় আহত হন নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে পরাজিত পক্ষের কয়েকজন উত্তেজিত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় পুলিশ তাঁকে রক্ষার চেষ্টা করে। পরে নিরাপদ স্থানে নেওয়ার পথে বাগানের অন্য একটি স্থানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরাও আক্রান্ত হন।

কয়েক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান, স্থানীয় বিএনপি নেতা আলফাজ মহালদার ও রফিক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা হস্তক্ষেপ করেন।

এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, তিনি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের চেষ্টা করেছেন। কিছু সাংবাদিক বিশৃঙ্খলা করায় তাদের নির্বাচনি কার্যক্রমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন। এ ধরনের বিশৃঙ্খলা ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   চা শ্রমিক ইউনিয়ন  রাজু গোয়ালা  মুকেশ কর্মকার  চা শ্রমিক নির্বাচন  মৌলভীবাজার  চা বাগান  পঞ্চায়েত নির্বাচন  হবিগঞ্জ  সুরমা চা বাগান  শ্রমিক অধিকার  বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: