প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানী অভিমুখী সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে আসা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখী কোনো যাত্রীবাহী বাস চলাচল করছে না। বাস না পেয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে টার্মিনালে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে অভ্যন্তরীণ রুট ও বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহনগুলো শনিবার রাতে ছেড়ে গেছে। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসছেও। তবে নিরাপত্তার স্বার্থে রোববার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন।
সময়ের আলো/জোই