রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৮) যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ছিন্নভিন্ন অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা পুলিশের।
স্থানীয়দের ধারণা, রাতে কোনো একসময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে, ঘটনাস্থলেই মারা যান।
সকালে মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দুপুর ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এস আই মো. মনিরুল ইসলাম বলেন, ‘কোন ট্রেনে কাটা পড়েছে, সেটা এখনো শনাক্ত করা যায়নি। রাতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন গিয়েছে, দুটির কোনো একটায় কাটা পড়েছে।’
তিনি আরও বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
সময়ের আলো/মহু