বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ভদ্দরের সিগারেট ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই মেশিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে সানকিভাঙ্গা গ্রামের পৌর যুব লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের তালা ভেঙে পুলিশ মেশিনটি উদ্ধার করে।
এর আগে, গ্রীন টোবাকো লিমিটেডের মালিক বিএনপি নেতা সোমনাথ দে তার ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির মেশিন চুরি হয়েছে মর্মে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগের প্রেক্ষিতে সার্স ওয়ারেন্ট জারিসহ ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
সোমনাথ দে জানান, জুলাই বিপ্লবের পর তার ব্যবসায়িক পার্টনার বদরুল আলম গ্রীন টোবাকে থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের মেশিন চুরি করে নিয়ে ক্রাউন টোবাকেতে বসায়। প্রায় ২ বছর পরে সোমনাথ দে শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে, কোর্টে অভিযোগ দায়ের করেন।
অতীশ সরকার বলেন, ‘সোমনাথ দে তার মেশিন শনাক্ত করেছেন। সেটি উদ্ধার করে পুলিশের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।’
এদিকে, নকল ডারবি সিগারেট তৈরির অভিযোগে ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে বাগেরহাট জেল হাজতে রয়েছেন।
সময়ের আলো/মহু