চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। মো. ইউনুসের বিরুদ্ধে ৫টি, ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, আকবর হোসেনের বিরুদ্ধে ৬ টি, মো. সুমনের বিরুদ্ধে ৬টি, মো. মনির ওরফে কেহেরমানের বিরুদ্ধে ৭ টি এবং মো. নয়নের বিরুদ্ধে ৮টি মামলা আছে। সর্বশেষ, ২ কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে ডিডিএনের মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, প্রতিষ্ঠানটির মালিককে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে চকবাজার থানার মনুমিয়াজী লেইনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র, কাচের দরজাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/মহু