ময়মনসিংহ নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভার মধ‍্য দিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান

2026-07-15T22:05:04+00:00
2026-07-15T22:06:22+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে : মউক চেয়ারম্যান
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০৫ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১০:০৬ পিএম
প্রেস ব্রিফিং। ছবি : সময়ের আলো
বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভার মধ‍্য দিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

তিনি বলেন, ‘এখন থেকে নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ব‍্যাত‍য় ঘটলে, আইন অনুযায়ী ব‍্যবস্থা নেওয়া হবে।’  

বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ গণপূর্ত ভবনে মউকের বিসি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।   

এ সময় ভবনের নকশা অনুমোদন ও নির্মাণকাজে কঠোর নজরদারির ঘোষণা দিয়ে মউক চেয়ারম্যান বলেন, ‘নকশা অনুমোদনের আগে সরেজমিনে জমি পরিদর্শন করা হবে এবং অনুমোদনের পর ৩ বছরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে, নকশার অনুমোদন বাতিল করা হবে। পাশাপাশি নির্মাণকাজ চলাকালেও নিয়মিত তদারকির মাধ্যমে অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা হবে।’ 


তিনি বলেন, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর, নগরীর সব ভবনের নকশা বিসি কমিটির অনুমোদনের মাধ্যমে পাস হবে। ৯ সদস্যের কমিটির সভাপতি হিসেবে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।’

সভা শেষে মউকের আনুষ্ঠানিক কাজ শুরুর বার্তা দিয়ে চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘ইতোমধ্যে নকশা অনুমোদনের জন্য কয়েকটি আবেদন জমা পড়েছে। অনুমোদনের আগে মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত পরিদর্শকরা জমি সরেজমিনে পরিদর্শন করবেন। রাস্তার সংযোগ, নির্ধারিত সেটব্যাক, খোলা জায়গা এবং অন্যান্য বিধিমালা প্রতিপালন করা হয়েছে কি না, তা যাচাইয়ের পরই নকশা অনুমোদন দেওয়া হবে। এরপর ভবন নির্মাণের সময়ও নিয়মিত পরিদর্শন করা হবে। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মউক চেয়ারম্যান আরও বলেন, ‘প্রয়োজনীয় জনবল নিয়োগের পর নগরীর আগে থেকে নির্মিত ভবনগুলোও পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। যেখানে সম্ভব, ভবন সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা করা হবে। জরিমানার অর্থ মউকের তহবিলে জমা হয়ে নগর উন্নয়ন কাজে ব্যয় করা হবে।’ 

তিনি জানান, আবাসন সংকট নিরসনে ব্রহ্মপুত্র নদের অন্য পাড়ে পরিকল্পিত নতুন নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও পার্কসহ আধুনিক নাগরিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অধিগ্রহণ করা ৯৪৫ একর জমির একটি অংশ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।


এ সময় নগরীর যানজট নিরসনে ময়মনসিংহকে মেট্রোপলিটন এলাকা ঘোষণা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন মউক চেয়ারম্যান। পাশাপাশি নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিকল্পিত নগর গঠনে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। 

মউক চেয়ারম্যান আরও বলেন, ‘অতীতে যারা সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন, তারা অতিরিক্ত যানবাহনের লাইসেন্স দিয়ে নগরীতে যানজট সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমান সিটি প্রশাসক যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে যেতে কাজ করব।’  

এ সময় তিনি নগরীর জলাবদ্ধতা প্রসঙ্গে বলেন, ‘সিটি করপোরেশনের খাল পুনঃখনন করা হলে সামান্য বৃষ্টিতে আর জলাবদ্ধতা হবে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী ব্রহ্মপুত্রের ওপারে পরিকল্পিত একটি সুন্দর নগরী গড়ে তুলতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে।’ 

সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত নগরায়ণ করার জন্য প্ল্যান করা হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে কমিটির ৯ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন। তবে, এর মধ্যে ২ জন সদস্য ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। 

এছাড়াও, সভায় সশরীরে উপস্থিত ছিলেন মউকের বিসি কমিটির সদস্য সচিব গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস, স্থাপত‍্য অধিদফতরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড কর্মকর্তা ইফতেখার আলম এবং পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহান। 

সময়ের আলো/মহু


  বিষয়:   ময়মনসিংহ  পার্কিং  ভবন  নেগরী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: