বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
তবে ম্যাচ শুরুর আগেই ভিন্ন ধরনের আলোচনার জন্ম দিয়েছে বুয়েনস আইরেসে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের জন্য একটি রসাত্মক ‘নির্দেশিকা’ প্রকাশ করেছে, যা ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
মূলত ম্যাচের ফল যাই হোক না কেন, দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে—সেই বিষয়টিকে ঘিরেই তৈরি করা হয়েছে এই ব্যঙ্গাত্মক নির্দেশনা। কূটনৈতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে পুরো বিষয়টি উপস্থাপন করা হয়েছে হাস্যরসের ছোঁয়ায়।
পোস্টটির ক্যাপশনে পেজ অ্যাডমিন মজা করে লিখেছেন, ম্যাচ নিয়ে কিছু বলার জন্য তিনি এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন। তবে সমর্থকদের সুবিধার জন্য সেই ‘গোপন’ নির্দেশনাই নাকি আগেভাগে প্রকাশ করা হয়েছে।
সরকারি চিঠির আদলে তৈরি এই নথিতে নানা মজার নির্দেশনা রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইংল্যান্ড জিতে ফাইনালে উঠলে উদযাপন হবে সংযত ও মার্জিতভাবে। আর যদি আর্জেন্টিনা জয় পায়, তাহলে তাদের অভিনন্দন জানিয়ে ফাইনালের জন্য শুভকামনা জানাতে হবে।
সবচেয়ে হাস্যরসাত্মক নির্দেশনা ছিল—পরাজয়ের পর কোনোভাবেই রেফারি কিংবা ‘অদৃশ্য ষড়যন্ত্রের’ অজুহাত দেওয়া যাবে না। পরিস্থিতি বিবেচনা করে রুচিশীল ও শালীন মিম শেয়ার করারও অনুমতি দেওয়া হয়েছে পেজ অ্যাডমিনকে।
চিঠির শেষ অংশেও রয়েছে মজার চমক। কোনো বাস্তব সরকারি দপ্তরের নাম ব্যবহার না করে সেখানে কাল্পনিকভাবে লেখা হয়েছে—‘ইংল্যান্ড-আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচের জরুরি পরিস্থিতি সামাল দেওয়া বিষয়ক হার ম্যাজেস্টিজ অফিস’।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল লড়াই বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগও থাকে তুঙ্গে। সেই আবহেই হাসির খোরাক জুগিয়েছে ব্রিটিশ দূতাবাসের এই ব্যঙ্গাত্মক পোস্ট।
আজ রাতের সেমিফাইনালে যে দল জয় পাবে, তারাই নিশ্চিত করবে বিশ্বকাপের ফাইনালের টিকিট। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ