২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক থাকা মার্কিন নাগরিককে সম্প্রতি মুক্তি দিয়েছে ইরান। এজন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, ‘তিনি এখন ইরানের বাইরে নিরাপদে ও সুস্থ আছেন। ইরানের এ সদিচ্ছাপূর্ণ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ!’
ট্রাম্প ওই নারীর নাম প্রকাশ করেননি। কেন তাকে আটক রাখা হয়েছিল, সে সম্পর্কেও বিস্তারিত বলেননি। শুধু বলেছেন, তাকে (ওই নারীকে) ‘অন্যায়ভাবে আটক করে’ রাখা হয়েছিল।
সম্প্রতি ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছেন। ৭ জুলাই ইরানে নতুন করে মার্কিন হামলা শুরুর পর বুধবার (১৫ জুলাই) দেশটিতে পঞ্চম দিনের মতো আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যেই মার্কিন নারীটিকে মুক্তি দেওয়ার ঘোষণা এল।
ট্রাম্প মুক্তি পাওয়া নারীর নাম প্রকাশ না করলেও বুধবার গভীর রাতে ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় জ্যারেড গেনসার নামে এক আইনজীবী দাবি করেন, ওই নারী তার মক্কেল।
এক বিবৃতিতে আইনজীবী বলেন, “আমার মক্কেল, ইরানি বংশোদ্ভূত মার্কিন ডেনা কারারি। একটি শত্রুরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির ‘ভিত্তিহীন’ অভিযোগে তিনি ইরানে আটক ছিলেন। তিনি এখন ইরানের বাইরে নিরাপদে ও যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন।”
ডেনা কারারি তার পরিচালিত অলাভজনক সংস্থা ‘চিলড্রেন অব মেহর ফাউন্ডেশনের’ কারণে তেহরানের কর্তৃপক্ষের নজরে আসেন বলে দাবি করেন ওই আইনজীবী। সংস্থাটি ব্যক্তিগত অনুদানের মাধ্যমে ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত বলে তিনি জানান।
সময়ের আলো/মহু