চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ২টি গাড়ি নিয়ে ফায়ার কর্মীরা কারখানায় যান। ২০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে বেশ কিছু কার্টন পুড়ে গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘আগুনে দগ্ধ ১০ জন ওই লবণ কারখানার শ্রমিক। তাদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।’
সময়ের আলো/মহু