রাজধানীর যানজট কমাতে ও গণপরিবহন ব্যবস্থাপনা উন্নত করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, বৃহস্পতিবার থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসিসহ আন্তঃজেলা বাস ঢুকবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন।
তিনি জানান, আন্তঃজেলা বাস আপাতত সায়েদাবাদ টার্মিনাল থেকে চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয় । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, রাজধানীর যানজট কমাতে ও গণপরিবহন ব্যবস্থাপনা উন্নত করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বুধবার উদ্বোধনের দিন প্রথম ধাপে ২০টি বাস স্থানান্তর করা হয়।
সময়ের আলো/কেএইচও