বুদ্ধিমত্তার জাদুতে ৪৭% সময় হেঁটেও গোল্ডেন বুটের শীর্ষে মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

এক সময় মাঠ কাঁপানো গতি, মায়াবী ড্রিবলিং আর বিস্ফোরক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে বিধ্বস্ত করাই ছিল তার চেনা রূপ। কিন্তু ৩৯

2026-07-16T17:50:12+00:00
2026-07-16T17:50:12+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খেলা
বুদ্ধিমত্তার জাদুতে ৪৭% সময় হেঁটেও গোল্ডেন বুটের শীর্ষে মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম 
লিওনেল মেসি। সংগৃহীত ছবি
এক সময় মাঠ কাঁপানো গতি, মায়াবী ড্রিবলিং আর বিস্ফোরক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে বিধ্বস্ত করাই ছিল তার চেনা রূপ। কিন্তু ৩৯ বছর বয়সে এসে তিনি আর সেই আগের লিওনেল মেসি নন। তবে সময়ের নিয়মে পায়ের গতি কিছুটা মন্থর হলেও বিশ্ব ফুটবলে তার প্রভাব এতটুকুও কমেনি, বরং আজও তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফুটবলারদের একজন হিসেবে মাঠ মাতাচ্ছেন। 

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার এই অধিনায়ক যেন ফুটবল মাঠের বুকে এক নতুন দর্শনের জন্ম দিয়েছেন-ফুটবলে রাজত্ব করতে হলে সবসময় অন্ধের মতো দ্রুত দৌড়ানোর প্রয়োজন হয় না; তার চেয়ে বেশি প্রয়োজন একটি অসাধারণ মস্তিষ্ক, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিখুঁত সময়জ্ঞান।

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ আসর। এর মাধ্যমে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। শুধু আসরে অংশ নেওয়াই নয়, টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি চোখধাঁধানো গোল ও ৪টি নিখুঁত অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়েও সবার চেয়ে এগিয়ে রয়েছেন এই আলবিসেলেস্তে মহাতারকা।

এবারের বিশ্বকাপে মেসিকে অন্য সবার চেয়ে আলাদা করেছে তার খেলার অভিনব ধরন। আগের মতো নিরন্তর দৌড়ানোর বদলে তিনি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করছেন স্রেফ বুদ্ধিমত্তা দিয়ে। মাঠের চঞ্চল যুবকেরা যখন বলের পেছনে পাগলের মতো ছুটেন, মেসি তখন মাঠের বুকে হেঁটে বেড়ান এক শান্ত দার্শনিকের মতো। 

এবারের বিশ্বকাপে মেসি মাঠে যে দূরত্ব অতিক্রম করেছেন, তার ৪৭ শতাংশই তিনি হেঁটে পার করেছেন, যা টুর্নামেন্টের সব আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। প্রতি ৯০ মিনিটে তিনি গড়ে মাত্র ৮.২ কিলোমিটার দৌড়েছেন। আর্জেন্টিনা দলের হয়ে অন্তত ২০ মিনিট খেলেছেন এমন সব আউটফিল্ড ফুটবলারের মধ্যে মেসির এই দৌড়ের দূরত্ব সবচেয়ে কম।


চার বছর আগে যেখানে প্রতি ম্যাচে গড়ে ৫.৩টি স্প্রিন্ট দিতেন, এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে মাত্র ২.৭-এ। দৌড় বা গতি কমলেও প্রতিপক্ষের ডি-বক্সে মেসির আক্রমণের ধার কিন্তু বিন্দুমাত্র কমেনি। এবারের বিশ্বকাপে তিনি নিজে ৩৩টি শট নিয়েছেন এবং সর্তীথদের জন্য ২১টি গোলের সুযোগ তৈরি করেছেন। অর্থাৎ, টুর্নামেন্টে মোট ৫৪টি আক্রমণাত্মক অবদান রেখেছেন তিনি, যা ১৯৮৬ বিশ্বকাপে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরম্যান্সের পর আর কোনো ফুটবলারের ক্ষেত্রে সর্বোচ্চ।

ফুটবল বিশ্লেষকদের মতে, মেসি আসলে নিজের পতনের সঙ্গে মানিয়ে নেননি, বরং নিজেকে এমন এক রূপকথার চরিত্রে বদলে নিয়েছেন যাতে এখনও ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। তার গতি কমেছে সত্যি, কিন্তু বহুগুণ বেড়েছে খেলা পড়ার ক্ষমতা, পাসের নিখুঁততা এবং সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার অনন্য দক্ষতা।

এই জাদুর জোরেই নিজের শেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে তিনি ১৬টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। এই দীর্ঘ সময়ে কেবল পোল্যান্ডই একমাত্র দল, যারা তাকে গোল বা অ্যাসিস্ট দুটোর কোনোটিই করতে না দেওয়ার সান্ত্বনা পেয়েছে।

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেকের সময় ডান প্রান্তের গতিময় ড্রিবলার হিসেবে যাত্রা শুরু করেছিলেন মেসি। এরপর ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তিনি অন্তত পাঁচবার নিজের খেলার ধরন বদলেছেন। সেই বিবর্তনের সর্বশেষ পরিপক্ব ও সুন্দর রূপই এখন দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামির জার্সিতে, যেখানে কম দৌড়িয়েও তিনি ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠছেন।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা দল এখন আরেকটি সোনালী ইতিহাসের অপেক্ষায় প্রহর গুনছে। আর সেই মহাকাব্যিক স্বপ্নের কেন্দ্রে আগের মতোই আলোকবর্তিকা হয়ে রয়েছেন লিওনেল মেসি; যিনি মাঠের প্রতিটা ঘাসের ওপর প্রমাণ করে চলেছেন, ফুটবল মাঠে শেষ পর্যন্ত গতি নয়, মেধাই সবচেয়ে বড় অস্ত্র।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   লিওনেল মেসি  বুদ্ধিমত্তা  গোল্ডেন বুট  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: