ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার মা হতে চলেছেন। বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের ছবি প্রকাশ করে স্বামী ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুখবরটি জানিয়েছেন তিনি। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
সোহিনী ও শোভনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা থাকলেও তারা ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি। সম্প্রতি এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী বলেন, বিষয়টি ব্যক্তিগত এবং সময় হলে তারাই জানাবেন। অবশেষে তৃতীয় বিবাহবার্ষিকীতেই আনুষ্ঠানিকভাবে সুখবরটি প্রকাশ করেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সোহিনী লিখেছেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে আমরা দুই থেকে তিন হওয়ার পথে।’ পোস্টের সঙ্গে প্রকাশ করা হয় তার বেবিবাম্পের ছবিও, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কয়েক বছরের প্রেমের পর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পরও দুজন নিজ নিজ পেশাগত ব্যস্ততা বজায় রেখেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।
এদিকে, সম্প্রতি ‘বহুরূপী ২’ সিনেমার শুটিং শেষ করেছেন সোহিনী। জানা গেছে, সন্তান জন্মের প্রস্তুতির জন্য আপাতত নতুন কোনো অভিনয় প্রকল্পে যুক্ত হচ্ছেন না তিনি। মাতৃত্বকালীন এই সময়টুকু পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা করেছেন অভিনেত্রী।
সময়ের আলো/ইউএমএইচ