নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বসতঘর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের বসতঘরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল ও তার বোন সুমির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এ নিয়ে ক্ষোভের জেরে বুধবার রাতে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন জাহেদ বলেন, বুধবার রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ থাকায় কৃষ্ণরামপুর গ্রামের একদল যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ডিবি পুলিশ তাদের লাঠিচার্জ করে। পরে ওই যুবকেরা বাবুলের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাবুলের মাদক ব্যবসার কারণে এলাকায় পুলিশ আসে বলে তাকে দুষতে থাকে। একপর্যায়ে তারা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বাবুলের মুঠোফোনে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি