জমি দখলের অভিযোগ, যা বললেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিজের জমিতে যাতায়াতের রাস্তা তৈরির জন্য একটি সরকারি বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি

2026-07-16T20:38:26+00:00
2026-07-16T20:43:33+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
জমি দখলের অভিযোগ, যা বললেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৮:৪৩ পিএম
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি। সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নিজের জমিতে যাতায়াতের রাস্তা তৈরির জন্য একটি সরকারি বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। উপজেলায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সিক্সলেন সড়ক সংলগ্ন এলাকায় এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিযুক্তের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কলাপাড়ার রজপাড়া মৌজায় ১৯৫৪ সাল থেকে বিভিন্ন সময়ে কেনা মোট ৪০ একর ৬৪ শতাংশ জমি তারা ভোগ-দখল করে আসছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর এই জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিল করা হয়। 

অভিযোগ রয়েছে, গত সপ্তাহে রাতের আঁধারে নুরুজ্জামান কাফি সিক্সলেন সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়ের ২১ একর ৭৬ শতাংশ জমির মধ্য থেকে ৬ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণ করেন। প্রধান শিক্ষক আবদুর রহিম এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে নুরুজ্জামান কাফি বলেন, তিনি কোনো জমি দখল করেননি। তিনি জমির প্রকৃত মালিক দাবি করা ওয়ারিশদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে কিনে রাস্তা তৈরি করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জমির ওয়ারিশ দাবিদার সালাউদ্দিন নয়ন পাহলান জানান, তাদের দাদা মোবারক পঞ্চায়েতের ২৯ একর জমি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে ৩০ বছর ধরে মামলা চলছিল। পটুয়াখালী আদালত ও ঢাকা সুপ্রিম কোর্ট ২০২৫ সালের জুন মাসে তাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতের রায় অনুযায়ী জমির মালিক তারা এবং বর্তমানে তাদের ভোগদখলে থাকা সেই জমি থেকেই কাফিকে ৬ শতাংশ জায়গা বুঝে দিয়েছেন বলে জানান তিনি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, তারা জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

সার্বিক পরিস্থিতি নিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বিদ্যালয়  জমি দখল  অভিযোগ  কনটেন্ট ক্রিয়েটর  কাফি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: