চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই উৎসবকে ঘিরে সকাল থেকেই সাচার বাজার ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক অনন্য উৎসবের আবহ তৈরি হয়।
সকালে মন্দিরে বিশেষ পূজা, অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ভক্তরা ভগবান শ্রীজগন্নাথের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনায় অংশ নেন। দুপুরের পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ রথ টান। বিকেল আনুমানিক পাঁচটার দিকে পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার পর্যন্ত ঐতিহ্যবাহী রথটি লাখো ভক্তের সম্মিলিত রশি টানার মধ্য দিয়ে এগিয়ে যায়। এ সময় চারদিকে ভক্তিমূলক সংগীত, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তন ধ্বনিত হয়।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাচার বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়।
সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহা জানান, সাচার বাজারে প্রতিবছরই শতবর্ষের ঐতিহ্য ধরে রেখে এই রথযাত্রা উদযাপন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন করতে আয়োজকরা নিরলসভাবে কাজ করেছেন।
রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী কীর্তন, ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগত ভক্তরা নিজেদের সুখ-শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন। প্রায় দেড় শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা কচুয়ার সাচার বাজারের এই রথযাত্রা ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে সম্প্রতি, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।
সময়ের আলো/জেডি