ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিক মিয়া (৪২) নামে একজন ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে আখাউড়া চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা সহকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সফিক মিয়া কেন্দুয়াই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। পরিবারের অভিযোগ, রাত ১টার দিকে একই এলাকার হেলাল মিয়া ও জহির মিয়া নামে ২ জন সফিক মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যায়।
নিহতের ভাগিনা সোহাগ মিয়া বলেন, হেলাল মিয়া ও জহির মিয়া ভেকু দিয়ে বালু উত্তোলন করার সময় বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে যায়। রাত ১টার দিকে ছেঁড়া তার মেরামত করার জন্য মামাকে জোর করে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে শুনি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তারা জেনে বুঝে আমার মামাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
এ বিষয়ে কেন্দুয়াই গ্রামের আতিকুল ইসলাম বলেন, আমি রাতে ফুটবল খেলা দেখার জন্য গাজীর বাজারে ছিলাম। হঠাৎ দেখি হেলাল মিয়া ও জহির মিয়া মোটরসাইকেলে করে সফিক মিয়াকে নিয়ে পূর্ব দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখি সফিক মিয়াকে সিএনজি দিয়ে হাসপাতাল নিয়ে যাচ্ছে। তখন আমিও হাসপাতালে যাই। চিকিৎসক দেখার পর মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হেলাল মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/জেডি