ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের আখাউড়া উপজেলার মনিয়ন্দ কাকিনা খালের উপর নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক ভেঙে যান চলাচল ও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টানা কয়েক দিনের বৃষ্টির পানি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানির স্রোতে বিকল্প সড়ক ভেঙে যায়। এতে দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারী হাজারও মানুষ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিকল্প সড়কের প্রায় ২০ ফুট অংশ পানির তীব্র স্রোতে ভেঙে গেছে। এতে করে এখন যানবাহন ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে গ্রামের ভিতর দিয়ে যাতায়াত করছে।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে দুই উপজেলার প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই সেতুর বিকল্প সড়কটি ভেঙে যাওয়ায় আখাউড়া-কসবাসহ উপজেলার মোগড়া, মনিয়ন্দ ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করায় ব্যয় হচ্ছে সময় ও অতিরিক্ত অর্থ।
আখাউড়া কৃষি অফিসে কর্মরত মো. সাইফুল ইসলাম বলেন, আমার বাড়ি কসবা উপজেলায়। আমি এই সড়ক দিয়ে যাতায়াত করি। বিকল্প সড়কটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছি। অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
সেতুর নির্মাণকারী ঠিকাধারী প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম মিয়া বলেন, রাতে পানির স্রোতে সড়কটি ভেঙে গেছে। পানি কমলে আবার সড়ক নির্মাণ করা হবে।
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমনের মুখে একই সুর। তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির স্রোতে বিকল্প সড়কটি ভেঙে গেছে। পানি নেমে গেলে পুনরায় সড়ক নির্মাণ করা হবে।
সময়ের আলো/জেডি