রাউজানে যুবককে অপহরণ, মুক্তিপণ চেয়ে স্ত্রীর মোবাইলে ভিডিও কল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে মো. নাহিদুল ইসলাম তানভীর নামের এক যুবককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। মঙ্গলবার (১৪

2026-07-16T22:57:17+00:00
2026-07-16T22:57:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
রাউজানে যুবককে অপহরণ, মুক্তিপণ চেয়ে স্ত্রীর মোবাইলে ভিডিও কল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৫৭ পিএম 
অপহৃত তানভীর। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানে মো. নাহিদুল ইসলাম তানভীর নামের এক যুবককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। মঙ্গলবার (১৪ জুলাই) থেকে নিখোঁজ ওই যুবকের সন্ধান দুই দিনেও মেলেনি। নিখোঁজের পর অপহরণকারীরা ভিডিও কল দিয়ে মুক্তিপণ দাবি করে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিখোঁজের ঘটনায় বুধবার (১৫ জুলাই) বিকেলে রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপহৃতের বোন উম্মে কুলসুম রুপা। 

অপহৃত তানভীর রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদা খান চৌধুরী বাড়ির মৃত নুরুল ইসলাম খানের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে ঘর থেকে বের হন তানভীর। দুপুরেও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। 

পরে রাতে তানভীরের স্ত্রীর মোবাইলে একটি ভিডিও কল আসে। ভিডিওতে অপহৃত তানভীরকে কান্নাকাটি করতে দেখা যায় এবং অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কান্নারত স্বামীর উদ্দেশে তার স্ত্রী আনিসা আকতার ববি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অভয় দিয়ে বলছেন, ‘অনে হাইন্দুন, অনে স্টং থাকি হঅতা হন, অনত্তুন স্টং থাহন পড়িবু, অনে নহাইন্দুন (আপনি কাঁদবেন না, আপনি শক্ত থেকে কথা বলুন, আপনাকে শক্ত থাকতে হবে, কাঁদবেন না)।’ 

স্ত্রীর সঙ্গে অপহরণকারীদের কথোপকথনের ভিডিওটি ধারণ করেন তানভীরের বন্ধু তাজবি চৌধুরী। তিনি জানান, অপহরণকারীরা প্রথমে তার মোবাইলে ফোন দেয় এবং পরে তানভীরের স্ত্রীর নম্বরে ফোন করে মুক্তিপণ দাবি করে। ভিডিও কল দেওয়ার পর প্রমাণ হিসেবে তিনি ওই মুহূর্তটি রেকর্ড করে রাখেন। 


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করছি।’ 

মুক্তিপণ দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের সামনে সরাসরি কেউ মুক্তিপণ দাবি না করায় এর সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।

সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং অপহৃত যুবককে দ্রুত উদ্ধারে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাউজান  যুবক  অপহরণ  মুক্তিপণ  স্ত্রী  ভিডিও কল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: