রাজধানীর যাত্রাবাড়ীতে স্কুলের টয়লেটের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থেকে অজ্ঞান হয়ে যাওয়া এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে আসা একটি ফোনকলের পর দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ দুপুর ২টা ২৩ মিনিটে ডিএমপি যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় থেকে নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করেন।
তিনি জানান, বিদ্যালয়ের একটি বাথরুমের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে এক ছাত্র থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
৯৯৯ কলসেন্টার বিষয়টি জানার পরপরই জরুরি ভিত্তিতে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ জানায়।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত বিদ্যালয়ে পৌঁছায়। তারা টয়লেটের দরজা ভেঙে ভেতরে অবচেতন অবস্থায় থাকা ৭ম শ্রেণির ছাত্র নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। ফায়ার সার্ভিস জানায়, টয়লেটের ভেতর ওই শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল।
সময়ের আলো/ইউএমএইচ