খাগড়াছড়িতে বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং দুর্গত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, নিজেদের একা ভাববেন না, সরকার আপনাদের পাশে আছে।
সফরকালে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদরসহ দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আপনারা অনেক কষ্টের সময় পার করেছেন। বন্যার প্রথম দিন থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি কর্মীরা আপনাদের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে চান আপনারা কেমন আছেন। তাই আমাকে আপনাদের খোঁজখবর নিতে এখানে পাঠিয়েছেন।’
উপস্থিত দুর্গতদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা কখনও নিজেদের একা ভাববেন না বা দুর্বল মনে করবেন না। আপনারা যাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন, সেই সরকার সবসময় আপনাদের পাশে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবকটি দপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকালে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি