বিনিয়োগে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা),

2026-07-16T23:36:28+00:00
2026-07-16T23:36:28+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অর্থনীতি
একীভূত হচ্ছে বিডা, বেজা ও পিপিপিএ
বিনিয়োগে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৩৬ পিএম 
একীভূত হচ্ছে বিডা, বেজা ও পিপিপিএ। ছবি : সংগৃহীত
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আইনটি কার্যকর হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করবে ইনভেস্ট বাংলাদেশ।

আইন অনুযায়ী, নতুন সংস্থার মূল লক্ষ্য হবে বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও কার্যকর করা। একই সঙ্গে বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যক্রমকে একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসা হবে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আনতে একটি কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’ কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে এমন একটি সমন্বিত বিনিয়োগ সংস্থার দাবি জানিয়ে আসছিলেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থাও (আঙ্কটাড) বাংলাদেশের ব্যবসা পরিবেশ সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে এই একীভূতকরণের সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগকারীদের আরও কার্যকরভাবে সেবা দিতে পারবে এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক বিনিয়োগ বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে আরও শক্তভাবে তুলে ধরবে।

সরকারের ঘোষিত ১৮০ দিনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিলটি পাস হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ সেবার কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

নতুন কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগ-সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রফতানি কার্যক্রম, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো আরও সমন্বিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগ ও ব্যবসা-সংক্রান্ত সব সেবাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ সৃষ্টি হবে।

বিলের গুরুত্বপূর্ণ বিধানগুলোর মধ্যে রয়েছে ঘোষিত শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনা; লাইসেন্স ও অনুমোদনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ; পিপিপি প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সুস্পষ্ট করা; ছোট আকারের পিপিপি প্রকল্পের অনুমোদন সহজ করা; অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা ও সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগ-সংক্রান্ত সব সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা।


সংশ্লিষ্টরা মনে করছেন, এই আইন কার্যকর হলে বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে নীতিগত অসামঞ্জস্যতা কমবে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের পুনরাবৃত্তি ও দ্বৈততা দূর হবে এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক ও সমন্বিত বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠবে।

আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬; বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০; পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন, ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ রহিত হবে। এসব আইনের আওতাধীন দায়িত্ব ও কার্যক্রম নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশের অধীনে একীভূত হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইনভেস্ট বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: