ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন বিস্ফোরক মামলার আসামি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিষ্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি,

2026-07-17T08:57:15+00:00
2026-07-17T08:57:15+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন বিস্ফোরক মামলার আসামি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৫৭ এএম 
এস এম চিশতী। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিষ্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি, যিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার শ্যালক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মনোনীত হওয়া ওই ব্যক্তির নাম এস এম চিশতী। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দরবেশহাট এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। চিশতী উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মামুনের শ্যালক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতার স্বজনকে উপজেলা ক্রীড়া সংস্থার মতো একটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮ অনুযায়ী, পরিষদের পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চলতি বছরের ৩০ এপ্রিল লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।


উক্ত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কমিটি কোনো ধরনের নির্বাচন না করেই হঠাৎ গত ৭ জুলাই ২৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করে।

ঘোষিত ওই কমিটিতে পদাধিকার বলে লোহাগাড়া ইউএনও-কে সভাপতি এবং আন্দোলনের সময় হামলা ও বিস্ফোরক মামলার আসামি এস এম চিশতীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস এম চিশতী চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের বিতর্কিত ‘এম’ (মাহমুদুল করিম) ফোর্সের সক্রিয় সদস্য ছিলেন। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ২০২৪ সালের ২ অক্টোবর লোহাগাড়া সদরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে একটি মামলা করেন। চিশতী ওই মামলার ৭৪ নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় গত বছরের ১২ নভেম্বর তিনি গ্রেফতার হন এবং প্রায় এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান।

এই বিষয়ে লোহাগাড়া অ্যাডহক কমিটির সদস্য সচিব কুতুব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির নির্বাচন বা গঠন নিয়ে কোনো ধরনের মিটিং হয়নি। এমনকি এ বিষয়ে আমি কিছুই জানি না।

অভিযুক্ত এস এম চিশতীর দাবি, তিনি সব ধরনের শর্ত পূরণ করেই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। জুলাই আন্দোলনের সময় তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, আমি বর্তমানে একটি জুম মিটিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখব।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   লোহাগাড়া  ক্রীড়া সংস্থা  সাধারণ সম্পাদক  বিস্ফোরক মামলা  আসামি  চট্টগ্রাম  আওয়ামী লীগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: