রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর ফাহাদ (১৩)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কূপের ধার এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহাদ গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া (বারুইপাড়া) এলাকার বাসিন্দা। তিনি শহিদুলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় খেলাধুলা শেষে ফাহাদসহ চারজন কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তাদের চেষ্টায় লিয়ন (১২), ফরহাদ (১৩) ও সিয়াম (১৩)-কে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ফাহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে পুনরায় অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম নেমে আসে। স্বজনদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে গভীর গর্ত ও তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এ কারণে নদীতে গোসল বা সাঁতার কাটতে নামলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।
সময়ের আলো/জোই